

জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিমানবন্দরে অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বুধবার(০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে বোমাটি বিস্ফোরিত হয়েছে। ফলে সাত মিটার চওড়া ও এক মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি। মাটির নিচে চাপা থাকায় এটি বিস্ফোরিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনী এটি ফেলে থাকতে পারে। জাপানের এ বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এ ঘাঁটি থেকে তখন আত্মঘাতী অভিযান পরিচালনা করা হতো।
জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, বিস্ফোরণের ফলে রানওয়ের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামতের কাজ করা হচ্ছে। কাজ শেষে বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে।