

রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়েছে ন্যাটোর চার সদস্য দেশ।
কানাডা, ডেনমার্ক, জার্মানি ও নরওয়ে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নরওয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে অতিরিক্ত ৩০ কোটি ৭০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত সহায়তা নিশ্চিত করতে যেসব দেশের কাছে ইতোমধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে, সেখান থেকেও তা সংগ্রহ করে ইউক্রেনকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্তোরে বলেন, ইউক্রেন অধিকাংশ ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা আরও বাড়ানো জরুরি। এটিই এখন ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন।
আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্তোরে বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে নরওয়ে অতিরিক্ত অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : সিএনএন