

ইরান যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার ও ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানানোয় স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনকে ব্যর্থ মিত্র আখ্যা দিয়ে দেশটির সঙ্গে আর বাণিজ্য করতে চান না বলেও মন্তব্য করেছেন।
বুধবার (০৮ জুলাই) ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, স্পেন একটি ব্যর্থ দেশ। আমরা আর স্পেনের সঙ্গে কোনো বাণিজ্য করতে চাই না। ন্যাটোতে তারা খুবই খারাপ অংশীদার। তারা অংশ নেয় না, অর্থও দেয় না। স্পেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক রাখার ইচ্ছা আমার নেই।
ন্যাটোর নতুন সিদ্ধান্ত অনুযায়ী সদস্য দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে স্পেন এ লক্ষ্য মানতে অস্বীকৃতি জানিয়ে সামরিক ব্যয় ২ দশমিক ১ শতাংশেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, তাদের সঙ্গে কথা বলারও দরকার নেই। তারা আশাহীন। আমাদের সঙ্গে বাণিজ্য করে তারা অনেক অর্থ উপার্জন করেছে। এখন আমরা নিশ্চিত করব, তারা যেন অনেক কম অর্থ উপার্জন করে। আমি তাদের সঙ্গে কোনো ব্যবসা করতে চাই না।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে এর সমালোচনা করেছিলেন। একই সঙ্গে তিনি স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ওই অভিযানে সহায়তা দিতেও অস্বীকৃতি জানান। এতে হোয়াইট হাউস অসন্তোষ প্রকাশ করেছিল।
ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা বিষয়টি শান্তভাবেই দেখছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান ভালো অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বজায় রাখতে চায়।
স্পেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে লাভবান হয় মূলত যুক্তরাষ্ট্রই। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় স্পেনকে আলাদাভাবে বাণিজ্যিক নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব নয়।