

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীতে রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিইকে নিয়োগ দিয়েছেন। সামরিক নেতৃত্বে বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, দ্রাপাতিই, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেন খমারা এবং প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান পাভলো পালিসার সঙ্গে তিনি জেনারেল স্টাফের কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন।
বিদায়ী কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কির প্রশংসা করে জেলেনস্কি বলেন, কিয়েভ রক্ষা, খারকিভে পাল্টা অভিযান এবং রাশিয়ার কুরস্ক অঞ্চলে পরিচালিত অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জেলেনস্কি আরও জানান, সিরস্কি এবং জেনারেল স্টাফের প্রধান আন্দ্রি হ্নাতভের সঙ্গে নেতৃত্ব হস্তান্তর প্রক্রিয়া ও তাদের ভবিষ্যৎ দায়িত্ব নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন নিয়োগ ও সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
তিনি বলেন, ইউক্রেনকে এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসতে হবে এবং রাশিয়ার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলতে হবে।
মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিই যুদ্ধ চলাকালে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ছিলেন এবং এর আগে খারকিভ অপারেশনাল অ্যান্ড ট্যাকটিক্যাল গ্রুপিংয়ের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি পূর্ব ইউক্রেনে বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এবং ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযানের সঙ্গেও তার নাম জড়িত।