

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা টানা ১১তম রাতের মতো ইরানে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা।
বিবৃতিতে আরও বলা হয়, গত তিন মাসে ইরান আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তবে এসব ঘটনার পরও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সেন্টকম জানায়, চলতি বছরের মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনীর সহায়তায় প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একই সময়ে প্রায় ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে সংঘাত নিরসন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।