

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)। এ সময় এক লাখেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খবর এনডিটিভির।
ডিব্রুগড়, কামরূপ, ধেমাজি, চরাইদেও, তিনসুকিয়া, শিবসাগর, লখিমপুর, জোড়হাট, গোলাঘাটসহ ১৬টা জেলায় প্রায় পাঁচ লাখ ৪৬ হাজার ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে আসামের বন্যায় মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর। সেখানে তিন লাখ ৫৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেই রয়েছে জোড়হাট, চরাইদেও, ডিব্রুগড় এবং গোলাঘাট।
বন্যার জলে ৮৭২টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ হাজার হেক্টরেরও বেশি ফসলি জমি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা সহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে তারা জানিয়েছেন।