

লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর লেবানিজ সেনাবাহিনী ওই এলাকায় যাওয়ার সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয়।
বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী এই ঘটনা মার্কিন দূতাবাসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি বা বিশেষ নিরাপত্তাজনিত পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।
প্রতিবেদনে বলা হয়, আওকার চেকপয়েন্টে সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে দুই ব্যক্তিকে লক্ষ্য করে সেনাসদস্যরা গুলি ছোড়ে। পরে তাদের আটক করা হয়।
ঘটনা সম্পর্কে মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায়, এ বিষয়ে তথ্য দেওয়ার দায়িত্ব লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এর আগে লেবাননের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দূতাবাসের আশপাশে গুলির শব্দ শোনার খবর প্রকাশ করে। তারা জানায়, ঘটনার পর সেনাবাহিনী ওই এলাকার প্রবেশপথ নিয়ন্ত্রণে নেয় এবং সড়ক বন্ধ করে দেয়।
তবে এ বিষয়ে লেবাননের কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।