

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। খবর এএফপির।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা বিপন্ন করার জন্য ওয়াশিংটনকে জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌম কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখবে।
এদিকে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহের নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের কয়েকটি দেশের সহযোগিতার কারণে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে।