

নিরাপত্তা উদ্বেগের কারণে সামরিক ও সংবেদনশীল স্থাপনার কাছাকাছি অবস্থিত পরীক্ষাকেন্দ্রগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করেছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
এ বরাতে বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি বিবেচনায় এসব পরীক্ষা কেন্দ্র সরিয়ে সরকারি মিলনায়তন, ধর্মীয় কেন্দ্র এবং অন্যান্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নেওয়া যায়।
তবে কতটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে বা নতুন কেন্দ্রগুলো কোথায় স্থাপন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ‘অপতৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ থাকবে।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত অবরোধ অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করেনি এবং কোনো জাহাজই যুক্তরাষ্ট্রকে সহায়তা দেয়নি। এ কারণে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে সংস্থাটি।