

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থি গোষ্ঠীর ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, উগ্রপন্থি ইসরায়েলি মন্ত্রীদের নেতৃত্বে বসতি স্থাপনকারীদের এই অনুপ্রবেশ অত্যন্ত উসকানিমূলক এবং তা আন্তর্জাতিক আইন ও বিদ্যমান ঐতিহাসিক অবস্থানের পরিপন্থি।
যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এই অনুপ্রবেশ সংঘটিত হয়েছে। এসব কর্মকাণ্ড ঘৃণা ও উগ্রবাদকে আরও উসকে দিচ্ছে এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সংগত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জেরুজালেমের পবিত্র ইসলামী ও খ্রিষ্টান ধর্মীয় স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। আল-আকসার ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের যে কোনো চেষ্টা অবৈধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।
ইসরায়েলি গণমাধ্যম ও ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, ইহুদি ধর্মীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ৪ হাজার ২০০-র বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থি কর্মী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে, যা চলতি বছরের অন্যতম বড় অনুপ্রবেশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সময় ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথে ফিলিস্তিনিদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিপুলসংখ্যক মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেয় এবং কয়েকজনের ওপর হামলা চালায়।