

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার আলজাজিরার খবরে জানা গেছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই আগে হামলা চালায়। পরে পাল্টা প্রতিরোধ গড়লে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে।
ইসরায়েলের হাভাত গিলাদ বসতির কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা এমডিএ-এর এক মুখপাত্র টেলিগ্রামে জানান, গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই ঘটনায় চার ফিলিস্তিনি নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। হতাহতের এ ঘটনায় পশ্চিম তীরজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।