

প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় শনাক্ত হয়েছে গাছ ধ্বংসকারী এমেরাল্ড অ্যাশ বোরার বিটল। এশিয়ার এই ক্ষুদ্র পোকাটি উত্তর আমেরিকায় কোটি কোটি অ্যাশ গাছ ধ্বংস করেছে।
স্লোভাকিয়ার কৃষি নিয়ন্ত্রণ ও পরীক্ষাকেন্দ্র জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের স্ট্রেদা নাদ বডরোগম জেলায় এ মাসে ১৮টি এমেরাল্ড অ্যাশ বোরার বিটল পাওয়া গেছে।
হাঙ্গেরির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, জুন মাসে ইউক্রেন সীমান্তের কাছে বেরেগসুরানি অরণ্যে দুটি পূর্ণবয়স্ক বিটল শনাক্ত হয়। এরপর থেকে আরও ফাঁদ বসানো এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
কর্তৃপক্ষের মতে, এমেরাল্ড অ্যাশ বোরার অ্যাশ গাছের জন্য বিশ্বের অন্যতম ভয়ংকর কীট। এটি ইতোমধ্যে উত্তর আমেরিকা ও পূর্ব ইউরোপে বিপুলসংখ্যক অ্যাশ গাছ ধ্বংস করেছে। তাই সন্দেহজনক লক্ষণ দেখা গেলে সাধারণ মানুষকেও দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পোকা উত্তর আমেরিকায় কোটি কোটি অ্যাশ গাছ মেরে ফেলেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৮টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে এর উপস্থিতি পাওয়া গেছে। ২০০২ সালে মিশিগানে প্রথম এটি শনাক্ত হয়।
পোকাটি স্থানীয় আবহাওয়ার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে এবং দ্রুত উড়ে এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে সক্ষম।
এদিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে এই পোকা দমনে বিশেষ ধরনের পরজীবী বোলতা অবমুক্ত করা হচ্ছে। এসব বোলতা বিটলের বিভিন্ন জীবনধাপে আক্রমণ করলেও অন্য কোনো উপকারী প্রাণীর ক্ষতি করে না। এছাড়া ২০২৫ সালের এক গবেষণায় কিছু ছত্রাকেরও এই বিটল দমনে কার্যকর ভূমিকা থাকার তথ্য পাওয়া গেছে।
ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে এ পোকা মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিয়েছে। হাঙ্গেরি বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের কৃষিমন্ত্রীদের পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে।
হাঙ্গেরির কৃষিমন্ত্রী সাবোলচ বোনা বলেন, পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন। এই পোকা যেন হাঙ্গেরি বা পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় ধরনের কৃষি ও উদ্ভিদের সংকটে পরিণত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: সিবিএস নিউজ