

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিভিন্ন আন্তর্জাতিক ও আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেন, নিহত সেনাদের হত্যাকারীদের সঠিক বিচার চায় ইরান।
মঙ্গলবার (২১ জুলাই) ইরানের কুমে নিহত ইরানি নৌসেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত তৃতীয় যুদ্ধের সময় নৌবাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিটি দিক বিবেচনায় নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি নিহত নৌসেনাদের পরিবারের ধৈর্য ও ত্যাগের প্রশংসা করে বলেন, অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইনি পথ অনুসরণ করা হচ্ছে।
রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের নৌবাহিনীর শহীদ সদস্যরা আত্মত্যাগের মাধ্যমে দেশের মর্যাদা, নিরাপত্তা ও শক্তি নিশ্চিত করেছেন। তাই তাদের হারানোর বেদনা শুধু পরিবারগুলোর নয়, পুরো নৌবাহিনীরও।
তিনি আরও বলেন, নিহতদের পবিত্র রক্ত এবং ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় তাদের আন্তরিক সংগ্রামই শত্রুদের মোকাবিলায় ইরানের দৃঢ় অবস্থানের ভিত্তি।
নৌবাহিনীর প্রধান বলেন, নিহতদের পরিবার সব সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বৃহৎ পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিহত নৌসেনাদের বীরত্বগাথা সংরক্ষণ ও পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, সব ধরনের হুমকি ও চ্যালেঞ্জ সত্ত্বেও নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে এবং শত্রুর সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।