

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছে, এমন অভিযোগে একটি তেলবাহী জাহাজে অভিযান চালিয়ে আরেকটি জাহাজ অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মার্কিন বাহিনী একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালাচ্ছে এবং অপর একটি জাহাজকে অচল করে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। রোববার ভিডিওটি আল জাজিরাও শেয়ার করে।
সেন্টকমের দাবি, ইরান-সংক্রান্ত নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে মোট ১২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এছাড়া নির্দেশনা অমান্য করায় দুটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে।
তবে কোন দেশের পতাকাবাহী জাহাজগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, কীভাবে সেগুলো অচল করা হয়েছে বা অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি সেন্টকম।