

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ হামলা হিসেবে আখ্যায়িত করেছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।
ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তেহরান জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ইউক্রেন সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তারা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের সঙ্গেও ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।
জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলো ও সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যা ইরান হামলার পরিকল্পনা ও ক্ষয়ক্ষতি মূল্যায়নে ব্যবহার করছে। তার দাবি, জুলাইয়ের শুরু থেকে এ ধরনের নজরদারির তথ্য ইউক্রেনের হাতে রয়েছে।