কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

আ.লীগের ঝটিকা মিছিল, ঢাকায় গ্রেপ্তার ২৪৪

১৪ ককটেল উদ্ধার
ফাইল ছবি
ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শেরেবাংলা নগর, তেজগাঁও, কলাবাগানসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৪টি ককটেল ও ৭টি ব্যানার। গতকাল বুধবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম।

এ ছাড়া গতকাল ভোরে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী হাজেরা খাতুন ওরফে নার্গিসকে আটক করে পুলিশ। অন্যদিকে গতকাল রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

এদিকে চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সফরকালে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেই ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে গোয়েন্দা পুলিশ সহায়তা করেছে। পুলিশের এই কর্মকর্তা জানান, এ সময় স্থানীয় জনতা সহায়তা করেছে। তবে প্রত্যক্ষদর্শী অনেকেই জানিয়েছেন, যারা গ্রেপ্তার করতে পুলিশকে সহায়তা করেছেন, তারাও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

নজরুল ইসলাম বলেন, এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখে দিতে ডিএমপির পাশাপাশি নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করে যাচ্ছে।’

রাজধানীবাসীর উদ্দেশে অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা নগরবাসীকে বলতে চাই আপনাদের আশপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারব।’

তিনি বলেন, ‘৫ তারিখের পর আওয়ামী লীগের যে সাহস ছিল না, এখন তারা অনেক বেশি সাহসী এবং মিছিলে লোকের সংখ্যা বাড়ছে। আগে ভোরে মিছিল হতো, এখন প্রকাশ্যে দিনের আলোয় পাবলিক প্লেসে মিছিল করতেছে। তারা রাজধানীতে অস্থিরতা সৃষ্টি করতে চায়।’

গ্রেপ্তারকৃতরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেপ্তার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জ থেকে এসেছে।’

এদিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি আওয়ামী লীগের মিছিল সংগঠিত করছিলেন তিনি। ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা, সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় বোনের বাসা থেকে তাকে আটক করা হয়।

নড়াইলের সাবেক এমপি কবিরুল গ্রেপ্তার : নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে গতকাল রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আটক করে গুলশান থানা পুলিশ। উপকমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের পাশেই ছাত্রলীগের মিছিল: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সফরকালে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেই ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে এ মিছিল হয়েছে। সড়কের পাশে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয় অবস্থিত। ওই কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইনসেরও অবস্থান।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘নগরের এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে ২০ থেকে ২৫ জন। তাদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই’। ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয় পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছে ২০ থেকে ২৫ জন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বুধবার ছাত্রলীগের ঝটিকা মিছিল সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকরা। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। তারা যেন সহজে জামিন না পায়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।’

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন ভোলা প্রতিনিধি এবং চট্টগ্রাম ব্যুরো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১০

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১১

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১২

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৩

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৪

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৫

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৭

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৮

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১৯

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

২০
X