নূর মোহাম্মদ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

এক্সপ্রেস গতিতে পিএসসি

এক বছরে এক বিসিএস
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি চাকরি যেন সোনার হরিণ, আর তা যদি হয় প্রথম শ্রেণির ক্যাডার পদের, তাহলে তো কথাই নেই। বহু কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ ধরতে দেশের তরুণ প্রজন্মকে নামতে হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডার পদে নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যার সব ধাপ শেষ করতে আগে সময় লাগত কম করে হলেও তিন থেকে চার বছর। অথচ প্রিলিমিনারি, লিখিত (ভাইভা) আর মৌখিক পরীক্ষার মতো সব ধাপ পেরিয়ে মাত্র সাড়ে তিন মাসে বিশেষ বিসিএসের চূড়ান্ত সুপারিশ! অবিশ্বাস্য হলেও সত্যি। এ যেন চোখ ছানাবড়া হওয়ার দশা। ৪৬তম বিসিএসের ১ লাখ ২০ হাজার উত্তরপত্র মাত্র ৩৩ কর্মদিবসে মূল্যায়ন করে চমক দেখিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ‘এক বছরে এক বিসিএস’-স্লোগানটি এখন আর নিছক প্রতিশ্রুতি নয়, বরং দৃশ্যমান বাস্তবতা। যদিও নিয়োগ প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতার এই সাফল্যের মাঝেও আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার ঘাটতিকে বড় বাধা হিসেবে দেখছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে নিয়োগ প্রক্রিয়ায় জোর গতি এনে একাধিক রেকর্ড গড়েছে পিএসসি। এক বছরের মধ্যে চারটি বিসিএসের ৭ হাজার ৬৫১ জনকে ক্যাডার এবং ৫ হাজার ৮৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে সাংবিধানিক এই সংস্থাটি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ২ হাজার ৫৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে উচ্চতর পদে পদোন্নতির সুপারিশ, শৃঙ্খলাজনিত ১৭৮টি বিভাগীয় মামলায় মতামত, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের ১১টি নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধন এবং নিয়োগ, পদোন্নতি নিয়মিত করার ওপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহায়তার জন্য বিভাগীয় নির্বাচন কমিটির ৩ হাজার ৪৫টি সভায় কমিশনের প্রতিনিধি অংশ নিয়েছেন। দ্রুত পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করে কমিশন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। পিএসসির ‘বার্ষিক প্রতিবেদন ২০২৫’ থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত ১ ফেব্রুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদনটি পেশ করে চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসির ১৫ সদস্যের প্রতিনিধিদল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ (রূপরেখা) প্রণয়ন করেছে, তা বাস্তবায়নের জোর তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। ১২ ফেব্রুয়ারি বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কমিশনের বার্ষিক প্রতিবেদনটি পাস হওয়ার পর তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের দায়িত্বশীল একজন।

কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪৪তম, ৪৫তম, ৪৮তম (বিশেষ) ও ৪৯তম (বিশেষ)—এই চারটি বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে নজির স্থাপন হয়েছে। এর মধ্যে ৪৪তম বিসিএসে ১ হাজার ৬৭৬ জন, ৪৫তম বিসিএসে ১ হাজার ৮০৭, ৪৮তম (বিশেষ) বিসিএসে ৩ হাজার ৫০০ (স্থগিতসহ) এবং ৪৯তম (বিশেষ) বিসিএসে (স্থগিতসহ) ৬৬৮ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে। অন্যদিকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন চলছে আর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

এক বছরের ‘বিসিএস রোডম্যাপ’: কমিশনের প্রতিবেদনে বলা হয়, বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সময়ের দীর্ঘ অপচয় রোধে ‘এক বছরে একটি বিসিএস’-এর রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। ফলে এখন থেকে এক বছরের মধ্যেই প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার কার্যক্রম শেষ করে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে।

কমিশন বলছে, গতানুগতিক ধারা বদলে এখন প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত মডারেটররা সশরীরে কমিশনে উপস্থিত হয়ে প্রশ্নপত্র তৈরি করছেন। এ ছাড়া কমিশনের নিজস্ব প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ হচ্ছে। এতে পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষক ও নিরীক্ষকরা কমিশনে এসে উত্তরপত্র মূল্যায়নের ফলাফল পিএসসি সর্বশেষ ৪৬তম বিসিএসে পেয়েছে। এ পদ্ধতি প্রয়োগ করায় ৪৬তম বিসিএসে মাত্র ৩৩ কর্মদিবসে ১ লাখ ২০ হাজারের বেশি উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশ সম্ভব হয়েছে। সামনের বিসিএসগুলোতে এই পদ্ধতি ব্যবহার করলে দ্রুততম সময়ে ফল প্রকাশ সম্ভব হবে এবং একই সঙ্গে এক বছরে একটি বিসিএসের চূড়ান্ত সুপারিশের যে রোডম্যাপ হাতে নেওয়া হয়েছে, তা সফল হবে।

কমিশনের তথ্য অনুযায়ী, বিসিএস পরীক্ষায় নানা কৌশল গ্রহণ করায় গত এক বছরে পিএসসি একাধিক বিসিএস ও নন-ক্যাডার পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়েছে। যেমন ৪৪ ও ৪৫তম বিসিএসে দ্রুততার সঙ্গে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে যথাক্রমে ১ হাজার ৬৭৬ এবং ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হয়েছে। আর ৪৮ ও ৪৯তম দুটি বিশেষ বিসিএসে বিজ্ঞপ্তি জারি থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সময় লেগেছে মাত্র সাড়ে ৩ মাসের কিছু বেশি। যা কমিশনের ইতিহাসে দৃষ্টান্ত। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি জারির পর ২০২৬ সালের জানুয়ারিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি এবং ফেব্রুয়ারিতেই তার ফল প্রকাশ করা হয়েছে।

এ ছাড়াও চাকরিপ্রার্থীদের সামাজিক ও আর্থিক অবস্থার কথা বিবেচনায় নিয়েছে কমিশন। গত দেড় বছরে বেশ কিছু নীতিগত পরিবর্তনের সুফল পাচ্ছে চাকরিপ্রার্থীরা। এর মধ্যে সাধারণ চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা, আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ২০০ এবং অনগ্রসর প্রার্থীদের ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় নানা মহল ও বোর্ডে প্রভাব কমাতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। বিধিমালা সংশোধন করে একই প্রার্থীকে বারবার একই ক্যাডারে সুপারিশ না করে অধিকসংখ্যক প্রার্থীকে ক্যাডারভুক্ত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

নন-ক্যাডার পরীক্ষায় বিস্তর কার্যক্রম: কেবল বিসিএস ক্যাডার পদেই নয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার পদে জনবল নিয়োগে ব্যস্ত সময় পার করেছে কমিশন। নবম গ্রেড থেকে শুরু করে ১২তম গ্রেড পর্যন্ত কয়েকশ ক্যাটাগরির পদে পরীক্ষা ও সুপারিশের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কমিশনের বার্ষিক হিসাব অনুযায়ী, নবম ও তদূর্ধ্ব গ্রেডের নন-ক্যাডার পদের জন্য এক বছরে ৭টি বাছাই পরীক্ষা, ১৮টি লিখিত পরীক্ষা ও ৭টি ব্যবহারিক পরীক্ষা এবং ৪৬টি ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছে পিএসসি। একইভাবে দশম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদের জন্য ১০টি বাছাই পরীক্ষা, ১৮টি লিখিত পরীক্ষা ও ১টি ব্যবহারিক পরীক্ষা ছাড়াও এই গ্রেডগুলোতে ১৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে। পুলের আওতায় ৫৫টি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের জন্য ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড) পদে ১১টি বাছাই ও ১টি লিখিত পরীক্ষা, ১৯টি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেড) ও ১টি বাছাই পরীক্ষা নিয়েছে কমিশন। সব মিলিয়ে কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় মোট ৬২টি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থীর জন্য প্রশ্নপত্র মুদ্রণের কাজ হয়েছে পিএসসির নিজস্ব প্রেসে।

শৃঙ্খলাজনিত ১৭৮টি বিভাগীয় মামলায় মতামত দিয়েছে কমিশন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১টি নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের ওপর মতামত, নিয়োগ, পদোন্নতি, নিয়মিতকরণের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহায়তার জন্য বিভাগীয় নির্বাচন কমিটির ৩০৪৫টি সভায় কমিশনের প্রতিনিধি অংশ নেন।

পিএসসির সদস্য ও সাবেক সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আগে একটি বিসিএস শেষ করতে যেখানে ৩ থেকে ৪ বছর সময় লাগত এখন তা মাত্র এক বছরে নামিয়ে আনা সম্ভব হয়েছে। কমিশনের নানামুখী তৎপরতার কারণে শুধু ২০২৫ সালেই চারটি বিসিএসের চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হয়েছে। মাত্র এক বছরে দ্রুততম সময়ে পরীক্ষা ও ফল প্রকাশ করে ক্যাডার, নন-ক্যাডার পদে সাড়ে ১২ হাজার বেশি পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে, যা কমিশনের নতুন দৃষ্টান্ত।’

প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা চায় কমিশন : সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও বাস্তবে আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতার অভাব রয়েছে বলে মনে করছে কমিশন। ফলে যথা সময়ে অর্থের সংকুলান করতে না পারায় দ্রুত ফল প্রকাশসহ কমিশনের নানা ইতিবাচক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সংবিধানের ৮৮(গ) ও ৮৯ অনুচ্ছেদে ব্যয়-সংক্রান্ত বিধান থাকলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করতে হয়। ফলে প্রযুক্তিগত আধুনিকায়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া চেয়ারম্যান ও সদস্যদের সাংবিধানিক পদমর্যাদা বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের অভাবও দক্ষতা বৃদ্ধিতে অন্তরায় হিসেবে দেখা হচ্ছে বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারপরও ২০২৫ সালে সার্বিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা আনতে নানামুখী উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত বলা হয় কমিশনের প্রতিবেদনে।

জানতে চাইলে পিএসসির সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, এক বছর এক বিসিএস-পিএসসির এই কার্যক্রম আরও আগে থেকেই শুরু হলেও এর দৃশ্যমান ফলাফল পাওয়া শুরু হয়েছে গত বছর থেকে। কমিশনের নেওয়া নানা উদ্যোগ যদি চলমান থাকে তাহলে আশা করছি সামনের দিনে সত্যিকার অর্থে ‘এক বছর একটি বিসিএস’-এমন নীতিতে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১০

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১২

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৩

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৪

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৫

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৬

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৭

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৮

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৯

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

২০
X