

ইবোলা রোগের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ উগান্ডার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করেছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে উগান্ডা সরকার। খবর এএফপির।
উগান্ডার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, দেশটি ইবোলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং সংক্রমণের তথ্যও খোলামেলাভাবে প্রকাশ করছে। তাই পুরো দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায্য।
মে মাসের মাঝামাঝি সময় থেকে উগান্ডায় ১৯ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছেন। আক্রান্তদের বেশিরভাগই প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে এসেছিলেন।
অন্যদিকে কঙ্গোতে পরিস্থিতি আরও গুরুতর। সেখানে এখন পর্যন্ত ৬৭৬ জনের বেশি আক্রান্ত হয়েছেন এবং ১৩৬ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস সম্প্রতি উগান্ডার ইবোলা মোকাবিলার প্রশংসা করেছেন। তবে সংস্থাটি সতর্ক করেছে যে কঙ্গোতে রোগটি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।
উগান্ডা সরকারের মতে, ভ্রমণ নিষেধাজ্ঞার বদলে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই ইবোলা মোকাবিলায় বেশি কার্যকর হবে।