

একটা সময় ছিল যখন ভারত বেশির ভাগ ক্ষেত্রে বাজেভাবে হারত পাকিস্তানের বিপক্ষে। তবে মাঝের একটা লম্বা সময় দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ছিল সমানে সমান। তখন একদিকে ছিলেন শচীন টেন্ডুলকার, তো অন্যদিকে ওয়াসিম আকরাম। এখন সেই ধারা বদলে পাকিস্তান তার প্রতিবেশীর সঙ্গে ক্রিকেট লড়াইয়ে দাঁড়াতে পারছে না। এশিয়া কাপের প্রথম ম্যাচ তার প্রমাণ। সেই ম্যাচে মাত্র ১২৭ রান করে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল তারা। আজ আবার সুপার ফোরে দুদল মুখোমুখি হবে। পরিস্থিতি কি বদলাবে? সুপার ফোরে কি সুপার ফাইট দেখা যাবে?
দুবাইয়ে আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ফেভারিট হিসাবে নামবে ভারত। আজ পাকিস্তানের বিপক্ষে না খেলার সম্ভাবনা আছে অক্ষর প্যাটেলের। ওমানের বিপক্ষে ভারত জিতলেও খেলা চলাকালীন মাথায় চোট পেয়েছেন তিনি। তার চোট চিন্তায় রাখবে ভারতীয় ম্যানেজমেন্টকে। ওমানের ইনিংসের ১৫তম ওভারে বড় শট মারতে যান হাম্মাদ মির্জা। ব্যাটে-বলে হয়নি। বল ক্যাচ ওঠে। ক্যাচ ধরার চেষ্টা করেন অক্ষর। কিন্তু ধরতে পারেননি তিনি। পিঠের ভরে মাটিতে পড়েন অক্ষর। ঠিক তখনই তার মাথা ধাক্কা খায় মাটিতে। এ ছাড়া ভারতীয় দলের জন্য দুশ্চিন্তা হতে পারে বোলিং। ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে তারা দুইশ রান না করতে পারলেও ভাবা হয়েছিল বোলিংয়ে সেটা পুষিয়ে দেবে; কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং আর্শদীপ-কুলদীপদের পিটিয়ে ওমান প্রায় জেতার কাছে পৌঁছে গিয়েছিল। আজ পাকিস্তানি ব্যাটাররা তাদের দুশ্চিন্তায় রাখবেন।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে একটা বড় যুদ্ধের আড়ালে ছোট ছোট যুদ্ধ। আজ রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও তেমন ছোট ছোট লড়াই দেখা যাবে। ভারতের টি-টোয়েন্টি দলের ওপেনার অভিষেক শর্মা বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ব্যাটার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ মাত্র ১৩ বলে ৩১ রান করেছিলেন অভিষেক। তার বিপক্ষে বল হাতে সেদিন শাহিন আফ্রিদি সফল হতে পারেননি। নতুন বলে আগে প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি। মরুর বুকে আজ অভিষেক-শাহিনের লড়াই উপভোগ্য হওয়ার কথা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব কেমন ব্যাটার, তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে আজ লড়াই হবে পাকিস্তানি বোলার মুকিমের। এই বাঁহাতি লেগ স্পিনারকে ডাকা হয় পাকিস্তানের কুলদীপ যাদব নামে। সূর্যকুমারের বিপক্ষে আজ তার পরীক্ষা। প্রথম ম্যাচে তিনি ২.৫ ওভার বোলিং করে ২৯ রান দিয়েছিলেন।
তবে ভারত-পাকিস্তানের এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই বিতর্ক দানা বাঁধছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। তার পর থেকে বিতর্ক চলছেই। পাকিস্তান গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাতিল করেন। ম্যাচ রেফারির শাস্তি চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পিসিবি। আজ সেই অ্যান্ডি পাইক্রফটই ম্যাচ রেফারি। রোববার করমর্দন করবেন কি না— এমন প্রশ্নের উত্তরে সূর্য বলেন, ‘দুই দলের মধ্যে ব্যাট-বলের ভালো লড়াই হবে। আগ্রাসী মানসিকতার লড়াই হবে। স্টেডিয়াম ভর্তি থাকবে। তাই দুই দলই অনেক সমর্থন পাবে। দেশের হয়ে সেরাটা দেওয়া এবং মানুষকে বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য।’