

কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের উত্তেজনাপূর্ণ ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লিয়াকত জিমনেশিয়ামের কোর্টের প্রতিটি র্যালিতে নিজেদের উজাড় করে দিলেন বাংলাদেশের ছেলেরা।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২২ জুলাই থেকে শুরু হওয়া এই আসরে লড়ছে ছয়টি দেশ—স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
লাল-সবুজ দলের যাত্রাটা শুরু হয়েছিল দারুণভাবেই, প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সামনে খেই হারিয়ে ফেলে তারা। পরের দিনই ফের ঘুরে দাঁড়াল দল, আর সেই ঘুরে দাঁড়ানোর গল্পটা লেখা হলো কাজাখস্তানের বিপক্ষে।
সেট বিশ্লেষণে দেখা যায়, শুরুটা মোটেও মসৃণ ছিল না বাংলাদেশের জন্য। প্রথম সেটে ২০-২৫ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি তারা। দ্বিতীয় সেট ২৫-২১ এবং তৃতীয় সেট ২৫-২৩ ব্যবধানে জিতে এগিয়ে যায় দল। চতুর্থ সেটে আবার ছন্দপতন—২১-২৫ ব্যবধানে সেট হারিয়ে ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে। সেখানেই দেখা মেলে আসল লড়াকু বাংলাদেশের, যারা ১৫-১২ ব্যবধানে সেট আর ম্যাচ, দুটোই নিজেদের করে নেয়।
জাতীয় পুরুষ দলের এই ধারাবাহিক উত্থান শুধু একটি জয়ের গল্প নয়, বরং বাংলাদেশের ভলিবলে যে নীরব বিপ্লব ঘটে চলেছে, তারই প্রতিচ্ছবি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনও প্রত্যাশা করছে, এই আত্মবিশ্বাস সঙ্গী করেই সামনের ম্যাচগুলোতেও নিজেদের সেরাটা মেলে ধরবে দল।