তানজিম মাহমুদ, জবি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

শারদীয়ায় রঙিন পুরান ঢাকা

দুর্গাপূজা
শাঁখা, শঙ্খ, সিঁদুর কিনতে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
শাঁখা, শঙ্খ, সিঁদুর কিনতে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকা। শাঁখারীবাজার, তাঁতীবাজার—সবখানেই এখন ব্যস্ততা, উৎসাহ আর কেনাকাটার হাওয়া বইছে। শাঁখা, শঙ্খ, সিঁদুর কেনার ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি।

পুরান ঢাকার শাঁখারীবাজার শুধু একটি বাজার নয়, এটি ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত চিত্র। বহু প্রজন্ম ধরে এই পাড়ার মানুষ শাঁখা তৈরির পেশায় যুক্ত। দুর্গাপূজা ঘিরে বছরের এই সময়টাতে এখানে ভিড় বেড়ে যায় অনেক গুণ। দোকানজুড়ে শোভা পায় বাহারি নকশার শাঁখা ও শঙ্খ। তিনশ টাকা থেকে শুরু করে পাঁচ-ছয় হাজার টাকা দামের জোড়া শাঁখা মিলছে।

ক্রেতারা ভিড় করছেন দোকানে দোকানে, খুঁজে নিচ্ছেন পছন্দের শাঁখা। আগে হাতে তৈরি শাঁখার কদর বেশি থাকলেও এখন মেশিনে তৈরি জটিল ডিজাইনের শাঁখার চাহিদাও বাড়ছে। তবে মানের দিক থেকে অনেকেই এখনো হাতে তৈরি শাঁখাকেই এগিয়ে রাখছেন। শাঁখারীবাজারের দোকানিরা জানান, দেশের নানা জেলা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে শাঁখা কিনতে আসেন, কেউ নিজের জন্য, কেউ বা উপহার দিতে।

প্রজ্ঞা ঘোস নামে এক ক্রেতা বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। আমি আগেভাগেই শাঁখা কিনতে এসেছি, কারণ যত দিন এগোয়, তত দাম বাড়ে। এবার নিজের জন্য একজোড়া শাঁখা কিনেছি ১ হাজার ২০০ টাকায়, সঙ্গে মায়ের জন্য সিঁদুরও নিয়েছি। দাম কিছুটা বেশি হলেও পূজার সাজগোজে নতুন শাঁখার আনন্দ আলাদা, তাই না কিনে পারলাম না।’

ব্যবসায়ী রিপন দত্ত বলেন, ‘পূজার সময় আমাদের বিক্রিই সবচেয়ে বেশি হয়। এখন সারাদিন তুলনায় কম ভিড় থাকলেও বিকেল গড়াতেই বাড়তে থাকে। শেষ কদিনে বেচাবিক্রি আরও বাড়বে।’ তিনি জানান, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় শাঁখা ও শঙ্খের দাম কিছুটা বেশি।

পূজাকে ঘিরে পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মহল্লায় প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। শাঁখারীবাজার, তাঁতীবাজার, রাধিকা মোহন বসাক লেন, ব্রজ কিশোর বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমার গায়ে তুলি বসছে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। দেবী দুর্গার সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমাও তৈরি হচ্ছে। প্রতিমার আকার ও নকশা অনুযায়ী প্রতিটি মণ্ডপে খরচ পড়ছে ৪০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

প্রতিমা শিল্পী সুব্রত পাল বলেন, ‘এবার ১২টি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি—ঢাকার শাঁখারীবাজারে ১০টি, ঢাকার বাইরে ২টি। মানিকগঞ্জ থেকে মাটি কিনে ট্রাক বা পিকআপে এনে কাজ করি। জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়েনি, তাই মানে কিছুটা প্রভাব পড়েছে।’

প্রতিমা সাজাতে বিক্রি হচ্ছে শাড়ি, মালা, মুকুটসহ নানা সামগ্রী। দেবী দুর্গার শাড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ৮ হাজার টাকায়। মালা ও ত্রিশূল মিলছে ১ হাজার থেকে ৫ হাজার টাকায়। প্রতিমার গায়ে থাকছে সিল্ক, ভেলভেট, সাটিন কাপড়ে তৈরি ঝলমলে পোশাক। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ভিড় সবচেয়ে বেশি প্রতিমার পোশাক আর শাড়ির দোকানে।

এ বছরও পুরান ঢাকায় ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, ডিবি ও আনসারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

তাঁতীবাজার পূজা কমিটির সভাপতি চন্দন কুমার দে বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে। আমরা প্রত্যাশা করি, সবাই উৎসবটি সুন্দরভাবে উদযাপন করবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।’

পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমরা সবধরনের প্রস্তুতি নিচ্ছি। পূজা কমিটির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা স্বেচ্ছাসেবকদের তালিকা দিচ্ছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পর্যাপ্ত ফোর্সের চাহিদা পাঠাব। চেকপোস্ট ও স্ক্যানিংয়ের ব্যবস্থাও থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X