

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপি সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের ওপর কোনো নিপীড়ন-নির্যাতনে বিশ্বাস করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। তাতে তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। উনি বলেছেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার। এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ। গতকাল শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম প্রমুখ। পরে বিকেলে সোনাপাতিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সভায় অংশ নেন দুলু। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মকছেদ আলী। সভায় দুলু বলেন, এ দেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। বিএনপি এ দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে মূল্যায়ন করতে ভুল করবে না। আগামী নির্বাচনে বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়বে।