

কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়াতে আমদানি-সংক্রান্ত তথ্য যাচাইয়ে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৪ মার্চ এনবিআরের আয়কর অনুবিভাগের অধীন সব কর অঞ্চলের জন্য এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়েছে, করদাতা যে পণ্য আমদানি করেছেন—তার ঘোষিত মূল্য এবং আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের প্রকৃত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমের বিআই সার্ভার থেকে সংগ্রহ করে তার ভিত্তিতে আয়কর নির্ধারণ করতে হবে। এ উদ্দেশ্যে আয়কর কর্মকর্তাদের জন্য বিআই সার্ভার ব্যবহারের পদ্ধতি নির্দেশনায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আয়কর মামলা নিষ্পত্তির সময় আমদানি করা পণ্যের পরিমাণ, মূল্য ও অগ্রিম আয়করের প্রকৃত তথ্য সহজেই যাচাই করা যাবে। পাশাপাশি স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় অগ্রিম আয়কর ক্রেডিট প্রদান নিশ্চিত হবে।