

জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
তিনি বলেন, এ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এ আসনকে একটি আধুনিক ও উন্নত আসনে রূপান্তর করা সম্ভব।
গতকাল রোববার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান।
ভেদরগঞ্জের আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে জনসভায় মিয়া নুরুদ্দিন বলেন, শরীয়তপুরের সড়ক অনুন্নত। বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতু থেকে শরীয়তপুর এবং শরীয়তপুর থেকে চাঁদপুর সড়কের কাজ তিন থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে।
ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, আমি আমার অবস্থান থেকে পরিশ্রম করে যাচ্ছি। এলাকার মানুষের ব্যাপক ভালোবাসা পাচ্ছি। জয়-পরাজয় আল্লাহ জানেন।
দিনের শুরুতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ নেন মিয়া নুরুদ্দিন। পরে নাগেরপাড়া ইউনিয়নের আব্দুল মতিন বাঘার কবর জিয়ারত করেন। নাগেরপাড়া একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। বিকেলে ছয়গাঁও ইউনিয়নের ওয়ার্ডের কামরুল হাসান ভুট্টু সরদারের বাড়িতে উঠান বৈঠক করেন। সন্ধ্যায় ছয়গাঁও ইউনিয়নের মনুয়া আহলে সুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেন তিনি।
ছয়গাঁও ইউনিয়নের জনসভায় সভাপতিত্ব করেন কামরুল হাসান ভুট্টু সরদার। সঞ্চালনায় ছিলেন রকিব শিমু আফ্ফাদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন স্বপন মজুমদার প্রমুখ।