কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন প্রথিতযশা পেলেন গুণীজন সংবর্ধনা

গুণীজনকে সংবর্ধনা আয়োজন। ছবি: কালবেলা
গুণীজনকে সংবর্ধনা আয়োজন। ছবি: কালবেলা

অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার তিন কৃতী গুণীজনকে সংবর্ধিত করেছে বণিক বার্তা ও বিআইডিএস। তাদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের সফল উদ্যোক্তা ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারে দুবার দায়িত্ব পালনকারী উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী (মরণোত্তর)। এরই সঙ্গে প্রথিতযশা শিক্ষক, গবেষক, অর্থনীতিবিদ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আমিরুল ইসলাম চৌধুরী এবং টিকা উদ্ভাবন, পরীক্ষণ, প্রয়োগ ও দেশে সংক্রামক রোগ গবেষণায় নিজ কর্মে সমুজ্জ্বল বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী সংবর্ধিত হন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 'গুণীজন সংবর্ধনা ২০২৫' অনুষ্ঠিত হয়। বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ উদ্যোগে অষ্টমবারের মতো এ আয়োজিত এই অনুষ্ঠানে এই তিন গুণীজনকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের পাঁচ শতাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

দেশের এ তিন গুণীজনকে সম্মান জানিয়ে আলোকপাত ও স্মৃতিচারণ করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ বিশিষ্টজন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তাদের প্রত্যেকে নিজ নিজ কর্মক্ষেত্রে গৌরবোজ্জল ভূমিকা রেখেছেন। অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী সম্পর্কে তিনি বলেন, ময়না ভাই (অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী) অত্যন্ত বিনয়ী ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি শিক্ষক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি গণবিশ্ববিদ্যালয়েও কাজ করেছেন। ড. ফিরদৌসী কাদরী ছিলেন অত্যন্ত গোছানো ও কাজপাগল একজন মানুষ। তিনি বিজ্ঞান গবেষণায় যে নিষ্ঠা দেখিয়েছেন, তা অতুলনীয়।

সৈয়দ মঞ্জুর এলাহী সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মঞ্জুর এলাহী একজন অত্যন্ত ‘সফট স্পোকেন’ ব্যক্তি হয়েও নিজের হাতে এতগুলো সফল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ব্যবসা-বাণিজ্যে তিনি প্রকৃত অর্থেই বিপ্লব এনেছেন। তিনি বলেন, মঞ্জুর এলাহী সাহেব ব্যবসা-বাণিজ্যে, ময়না ভাই গবেষণায় এবং শায়লা বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। এই ধরনের স্বপ্নবাজ কিছু মানুষই আজ বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ড. আমিরুল ইসলাম চৌধুরীর ছাত্র ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, আমার কাছে মনে হয় কয়েকজন বিরল শিক্ষকের মধ্যে অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী একজন। অন্যদিকে সৈয়দ মঞ্জুর এলাহী একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। তার অসংখ্য গুণ ছিল। আমরা তার জন্য প্রার্থনা করি। আর মানুষের মঙ্গলের জন্যই যে বিজ্ঞান, সেটি দেখিয়েছেন ড. ফিরদৌসী কাদরী।

পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন তিনটি গুণ—সজ্জনতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ। এই তিনটি গুণ তিনি ব্যক্তিগতভাবে ড. আমিরুল ইসলাম চৌধুরীর মধ্যে প্রত্যক্ষ করেছেন। দায়িত্বে থেকেও দায়িত্বশীলভাবে কাজ করার দৃষ্টান্ত ছিলেন তিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করে বলেন, মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ও শুভ উদ্যোগ ছিল।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহী নিভৃতে দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ কাজ করে কেয়ারটেকার সরকারকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে তাঁর ভূমিকা ছিল অনন্য। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এপেক্সকে শীর্ষ রপ্তানিকারক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এবং সুশাসনে অংশ নিয়ে মঞ্জুর এলাহী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ড. আমিরুল ইসলাম চৌধুরীর বিষয়ে স্মৃতিচারণ করে তার শিক্ষার্থী ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতিকে তত্ত্বের বাইরে নিয়ে গিয়ে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ করাটাও স্যারের কাছ থেকেই শেখা। ক্লাসের সবচেয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীটিও যেন সব বুঝতে পারে—সে জন্য তিনি বাস্তব জীবন থেকে উদাহরণ টেনে আমাদের বোঝাতেন। তিনি শ্রেণিকক্ষের শিক্ষক থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষক হয়ে উঠেছিলেন।

২০১৪ সাল থেকে দেশের প্রথিতযশা ব্যক্তিদের 'গুণীজন সংবর্ধনা' প্রদান করে আসছে বণিক বার্তা ও বিআইডিএস। বিভিন্ন সময়ে দেশের উন্নয়ন, নীতিনির্ধারণ, গবেষণা, অর্থনৈতিক সংস্কারসহ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রাখছেন এমন ব্যক্তিদের সম্মাননা জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয়েছে গুণীজন সংবর্ধনার অষ্টম আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X