

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন এবং দর্শনার্থীবান্ধব করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখিদের পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘প্রতিমন্ত্রী চিড়িয়াখানার সার্বিক উন্নতির নির্দেশ দিয়েছেন। ভিজিটিং আওয়ার শুরু হওয়ার আগেই প্রাণীদের খাবার দেওয়ারও নির্দেশনা দেন।’
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, ‘জাতীয় চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম। পশুপাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে।’
একই সঙ্গে প্রতিমন্ত্রী পশুপাখির কল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান ও চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান উপস্থিত ছিলেন।