

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, মানুষ যেভাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়, আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের ঝুঁকি নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পিডিবি উচ্চ বিদ্যালয়ে তিনি এসব কথা বলেন।
আবদুল কুদ্দুস বলেন, আমরা অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করেছি এবং কয়েকদিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন মহড়া চলছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম কাজ করবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ‘জিনিয়া’ অ্যাপ রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছাবে এবং নিকটবর্তী মোবাইল টিম সক্রিয় হয়ে ঘটনাস্থলে যাবে। পাশাপাশি ছয়টি থানায় ১০টি ড্রোন সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেই তা শনাক্ত করা সম্ভব হবে।
সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গুজব বা অপপ্রচার যেন কোনোভাবেই প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভোটকে ঘিরে কোনো আশঙ্কা দেখছেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই। তার ভাষ্য, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিবেশ বজায় রাখতে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদিপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেনসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা।