

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ ও উপজেলা প্রশাসন।
রায়হানুল ইসলাম পার্বতীপুর শহরের হুগলীপাড়া মহল্লার আনোয়ারুল হকের ছেলে।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানের ভেতরে ৫টি ড্রামে ও ৫টি জারকিনে জ্বালানি তেল মজুত করে রাখা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, একটি দোকানে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইউএনও জানান, অভিযুক্ত রায়হানুল দাম বাড়লে এসব জ্বালানি বিক্রির উদ্দেশ্যে মজুত করছিলেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।