

চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কায় লেগে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মতলব দক্ষিণের পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে ফজলে রাব্বি (২৩) ও তার ভাগনি ইশাত (১৬)। সে পটুয়াখালীর কালাইয়া এলাকার বাসিন্দা মো. জুয়েলের মেয়ে। তারা ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করে।
জানা গেছে, মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মতলব সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচ সড়কে থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মামা ফজলে রাব্বি ও ভাগনি ইশাত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে রাব্বি মারা যান। পরে আহত ইশাতকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেও মারা যায়।
চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, দুর্ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলাম আমি। এ সময় সড়ক বিভাগের ট্রাকচালক মিজানুর রহমান আমার অ্যাম্বুলেন্স দেখে থামতে সংকেত দিলে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।
তিনি আরও বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত থামানো ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেছি।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।