

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবিরচর এলাকার বাসিন্দা মো. জমশেদের মেয়ে জাইমা (২) এবং কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে শাহাদাত (২)।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকালে জাইমা ও শাহাদাত নামের পানিতে পড়া দুই শিশুকে জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এসময় ওই শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।