

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে ছয় ঘণ্টা রেললাইন অবরোধ থাকার পর ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ১৪-১৫ দিন আগে পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের তরুণদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই ফুটবল খেলায় দুই গ্রামবাসীর ছেলেদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়াম (১৭) কে পঞ্চবটীর ছেলেরা হামলা করে আহত করে।
আহত করার খবর জগন্নাথপুর এলাকায় ছড়িয়ে পরলে ভৈরব রেলস্টেশনে ১ ও ২ নম্বর প্লাটফর্ম দখল করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। ঘটনার খবর পেয়ে প্রথমে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষের জেরে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে পাঁচটি ট্রেন।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ বলেন, রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবু সাইদ বলেন, আমরা কয়েক দফা চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ (ইউএনও) বলেন, আমরা ধৈর্য সহকারে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। যারা রাষ্ট্র ও রেলের সম্পত্তি ক্ষতি সাধনের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।