

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে দুই দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৬ জুন) নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই ২৮ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষিত হচ্ছে না।
বিজিবির এই কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।
এর আগে গত ৪ জুন ভোরে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
পরে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। টানা দুদিন তারা রোদ ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান করছিল বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি সাদ্দাম হোসেন।
বিজিবির ওই কর্মকর্তা বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।