

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দিতে পারেনি বিএসএফ।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পকেটপাড়া সীমান্তের দাউয়াকামারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্যরেখায় ফিরিয়ে দেয়। ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর বিএসএফ সদস্যরা আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করলে ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
পাটগামের শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান জানান, একজন মানসিক ভারসাম্যহীন যুবককে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ সদস্যারা। পরে গ্রামবাসী আবার তাকে ভারতে পাঠিয়ে দেয়। কিন্তু বিএসএফ সদস্যরা আবার তাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ করে এবং লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করে। পরে তাকে আর ঠেলে দিতে পারেনি তারা। খবর পেয়ে উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করে বিজিবি সদস্যরা।
বিজিবির জানায়, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিএসএফের দাউয়াকামারী ক্যাম্প কমান্ডারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। ওই ব্যক্তিকে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় উভয় সীমান্তের বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।