

ফরিদপুরের ভাঙ্গায় ২ মাদক কারবারীকে ইট ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিটের এক ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার (৬ জুন) দুই মিনিট ৩০ সেকেন্ডের এ ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে পাঁচ থেকে ছয় জন যুবককে মারপিট করতে দেখা গেছে। ৫-৬ জনকে একসঙ্গে আঘাত করতে দেখা যায়। কেউ লাথি, কেউ ঘুষি, একজন বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত, আরেক যুবক ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন।
এ ঘটনায় স্থানীয় সংসদ শহীদুল ইসলাম বাবুল তার ভেরিফায়েড ফেসবুকে সতর্কবার্তা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি বলেন, ‘সম্প্রতি আমাদের নির্বাচনী এলাকায় মাদকবিরোধী কর্মসূচির নামে বাড়ি ভাঙচুর বা অভিযুক্তকে ধরে মারধরের মতো দুই একটি ঘটনা ঘটেছে- যা কোনভাবেই কাম্য না। মাদকের বিরুদ্ধে সব সময়ই আমাদের অবস্থান স্পষ্ট ও পরিষ্কার। এই বিষয়ে আমরা সামাজিক সচেতনতা তৈরি করছি এবং পাড়া মহল্লায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনকে জানাতে বলেছি। কিন্তু কেউ দয়া করে আইন হাতে তুলে নেবেন না।’
বাবুল বলেন, ‘মাদক বিরোধী আইনকে আরও কার্যকর ও উপযোগী করতে সংসদে আইন তৈরি করতে চেষ্টা করছি। ইনশাআল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেজন্য বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক ও যত্নবান হওয়ার অনুরোধ রইলো।’