

দশ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিএমএম আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত গত ৩০ এপ্রিল এ আদেশ দেন। আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওয়ারেন্ট তামিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ২ নভেম্বর মামলার বাদী রাজিয়া রহমানের কাছ থেকে গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খান ১০ কোটি টাকা ঋণ হিসেবে গ্রহণ করেন। এরপর শামীমা ইসলাম পূবালী ব্যাংকের কয়েকটি চেকে রাজিয়া রহমানকে ১০ কোটি টাকা দেন। পরে ২৪ ডিসেম্বর বাদী টাকা নগদায়ন করতে গেলে ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক নগদায়ন হয়নি। চলতি বছরের ২২ জানুয়ারি শামীমা ইসলামকে লিগ্যাল নোটিশ দেন বাদী। তবে বিবাদী তারও কোনো জবাব দেননি।
এ ঘটনায় গত ২৪ ফেব্রুয়ারি রাজিয়া রহমান বাধ্য হয়ে ওই অর্থ আদায়ের জন্য আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রমনা নির্দেশ দিয়েছেন আদালত।