

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মিস্টার তার ওপর হামলা ও মারধরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় মামলা করেন। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। এসব মামলায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বলেন, মারধর ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন।