

দক্ষিণী সিনেমার তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআরের সিনেপর্দায় উপস্থিতি মানেই ধুমধাড়াক্কা অ্যাকশন। সেই এনটিআরের বহুল প্রতীক্ষিত 'ড্রাগন' নিয়ে চলছে আলোচনা। হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে ধুমধাম করে চলছে ছবিটির শুটিং। তবে আলোচনায় উঠে এসেছে হায়দরাবাদেই এমনভাবে শুটিং করা হচ্ছে যেন সেখানে বইছে ইউরোপের আমেজ।
‘কেজিএফ’ ও ‘সালার’ খ্যাত মাস্টারমাইন্ড পরিচালক প্রশান্ত নীল এবং ‘ম্যান অব মাসেস’ জুনিয়র এনটিআর প্রথমবারের মতো হাত মিলিয়েছেন এই সিনেমায়। এই জুটির প্রথম সিনেমায় দর্শককে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে কোনো খামতি রাখছেন না তারা। টাইমস এন্টারটেইনমেন্টের রিপোর্ট অনুযায়ী, রামোজি ফিল্ম সিটিতে একটি বিশাল অ্যাকশন দৃশ্যের চিত্রধারণ করা হচ্ছে। ছবির ভিজ্যুয়াল যেন একদম আন্তর্জাতিক মানের হয়, সে জন্য সেখানে তৈরি করা হয়েছে চোখ ধাঁধানো এক ইউরোপিয়ান ব্যাকড্রপ। পুরো ইউরোপীয় আবহে তৈরি এই বিশালাকার সেটে জুনিয়র এনটিআরের হাইভোল্টেজ কিছু স্ট্যান্ট দৃশ্য শুট করা হচ্ছে। এই দৃশ্যই সিনেমাটির অন্যতম সেরা আকর্ষণ হতে যাচ্ছে। প্রশান্ত নীলের নিজস্ব সিগনেচার লার্জার-দান-লাইফ স্টাইলের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে পুরো অ্যাকশন সিকোয়েন্স।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ড্রাগন’-এর টিজারে জুনিয়র এনটিআরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘লুগার’ নামক এক ভয়ংকর আন্তর্জাতিক আততায়ী হিসেবে। ড্রাগ, রাজনীতি এবং অপরাধে ঘেরা এক বিপদজনক আবহের ইঙ্গিত মিলেছে টিজারটিতে। ছবিতে নারকোটিকস ব্যুরোর প্রধান হিসেবে জুনিয়র এনটিআরের মুখোমুখি লড়াইয়ে নামছেন বলিউড তারকা অনিল কাপুর। ‘ওয়ার ২’-এর পর এটি তাদের দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণী বসন্ত ও আশুতোষ রানাকে।
আগামী বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রোমাঞ্চকর এই অ্যাকশন এন্টারটেইনারটির। আর এই ছবির কাজ শেষ করেই জুনিয়র এনটিআর যোগ দেবেন বিখ্যাত পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের একটি পৌরাণিক অ্যাকশন মহাকাব্যে!