

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।
শুক্রবার (১২ জুন) দুপুরে হাসপাতালটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
তারিকুল ইসলাম মুকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করব। আশা করব, জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে আমাদের অনুমতি দেবেন।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করব। এ ক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি যেন না হয়; সে বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং খেয়াল রাখব।’
আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে রোগীদের যে স্থানান্তর করতে বলা হয়েছে। সে কাজে রোগীদের যেন কোনো প্রকারের ক্ষতি না হয়, সে বিষয়ে খেয়াল রাখছি। তাদের পাশে আমরা সবসময়ই ছিলাম এবং এখনো আছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে ওয়ার্ডে ৬টি শিশু মারা গেছে, সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী তিন মাসের মধ্যে সেই ওয়ার্ডের সব ধরনের সংস্কার কার্যক্রম সম্পন্ন করব।’