

দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের নামে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, তখন চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেল। আমরা তাকে সতর্ক করে বলতে চাই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সাথে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না।’
নির্বাচন ও পরবর্তী সংসদীয় প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে দুইশত সিট পেয়ে জনগণকে বৃদ্ধাঙুলি দেখানো হয়েছিল। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে, কিন্তু সালাহউদ্দিনের কথায় দেশে এখন কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে লক্ষ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫ আগস্টের পর আওয়ামী দোসররা এই হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে নিরাপদে ভারতে পার হয়েছে। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদীর ঘাতকরাও এই পথ ব্যবহার করেই পালিয়ে গেছে। এসব ঘাতক ও দোসরদের পালিয়ে যাওয়ার পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’
পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান এবং ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক, হাসনাত হৃদয় সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।