

বাংলাদেশ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তি স্থানান্তরের (টেকনোলজি ট্রান্সফার) মাধ্যমে চিকিৎসাসেবার সার্বিক মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান ও বব বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার।
গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্না পার্টি হলে’ বাংলাদেশি ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) আয়োজিত এক বর্ণাঢ্য ‘সম্বর্ধনা ও মতবিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফারহাদ হালিম ডোনার বিডিএফএনএর সমাজকল্যাণমূলক ও পেশাদারি কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে হলে প্রবাসী অভিজ্ঞ চিকিৎসকদের জ্ঞান ও প্রযুক্তি দেশে স্থানান্তর করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞদের সংযোগ স্থাপনে বিডিএনএফএ এবং ড্যাবের মতো সংগঠনগুলোকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদ বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসকদের অধিকার রক্ষায় ড্যাব সর্বদা কাজ করে যাচ্ছে। উত্তর আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের এই উদ্যোগ দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে পজেটিভ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গুণী চিকিৎসকদের মিলনমেলা
বিডিএফএনএর চিফ অ্যাডভাইজর এবং নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি ও জেফারসন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ড. ইবরুল চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ড. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন।
প্রাণবন্ত এই সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ড. জাহিদ দেওয়ান শামীম, সাধারণ সম্পাদক, বিডিএফএনএ এবং সিনিয়র সায়েন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতাল।
বাংলাদেশি ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফ এনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। জন্মলগ্ন থেকেই এই সংগঠন স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। বিগত কভিড-১৯ মহামারির সময় সংগঠনের সাথে সম্পৃক্ত চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে জনস্বাস্থ্য সেবায় গুরুত্ব ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন— মাকসুদুল হক চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, মোহাম্মদ বাচ্চু মিয়া, মুস্তাক আহমেদ, মো. মান্নান হুসাইন, শেখ আলী, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, এ জি জাহাঙ্গীর হোসাইন, আহবাব চৌধুরী ও ফয়েজ চৌধুরী।