

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এর জন্য দেশটিকে এখন ‘মূল্য চুকাতে হবে’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি দাবি করেন, ‘ইরানের সামরিক বাহিনী এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত আর অস্তিত্বই নেই।’ খবর আল জাজিরার।
ট্রাম্প আরও বলেন, ‘তারা পুরোপুরি পরাজিত হয়েছে। ইরান শুধু কথাই বলে, কাজ করে না। মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা শক্তির মৃত্যু হয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, ‘তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের এর মূল্য চুকাতে হবে।’
তবে ‘মূল্য চুকাতে হবে’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।