

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। মাইকেল ওলিসের দুর্দান্ত হ্যাটট্রিকে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।
বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়বেন দেশম। তাই ঘরের মাঠে এটি ছিল তার শেষ ম্যাচ। বিদায়ী সেই উপলক্ষকে স্মরণীয় করে রাখলেন ওলিসে। জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিকে কোচের বিদায়ি ম্যাচ রাঙালেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। অহেলিয়া চুয়ামেনির দূরপাল্লার শট পোস্টে আঘাত হানে, আর কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা।
অবশেষে বিরতির ঠিক আগে ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। উসমান দেম্বেলের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে চলে এলে সহজেই বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করে ফ্রান্স। নর্দার্ন আয়ারল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান ২-০ করেন ওলিসে।
তবে ৬৪ মিনিটে প্যাট্রিক কেলির গোলে ম্যাচে ফেরার আশা জাগায় নর্দার্ন আয়ারল্যান্ড। শিয়া চার্লসের দারুণ বল দখলের পর কাছ থেকে গোল করে ব্যবধান কমান তিনি।
কিন্তু সফরকারীদের সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে। তার এই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের জয়।
ম্যাচে ফ্রান্সের আধিপত্য ছিল স্পষ্ট। পুরো ম্যাচে ২৭টি শট নেয় তারা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ড মাত্র চারটি অন-টার্গেট শট নিতে সক্ষম হয়।
চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ওলিসের পারফরম্যান্সও অসাধারণ। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন তিনি। বিশ্বকাপের আগে এমন ফর্ম ফরাসি সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে আরও একটি শিরোপার।
আগামী ১৫ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের আক্ষেপ ঘোচাতে এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দেশমের শিষ্যরা।