

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে এগিয়ে থাকতে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে ফেসবুকে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। সম্প্রতি একটি ব্লগ পোস্টে ফেসবুকের জন্য নতুন এআই ফিচার চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা বলছে, নতুন এই এআই ফিচারগুলো ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের ধরনকে পুরোপুরি বদলে দেবে।
বদলে যাচ্ছে সার্চ পদ্ধতি
নতুন পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ফেসবুকের ‘এআই মোড’। এর ফলে ফেইসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে।
এখন থেকে কোনো তথ্য পেতে ব্যবহারকারীদের শত শত পোস্ট স্ক্রল করতে হবে না; বরং সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ পাবলিক পোস্টগুলো থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি উত্তর জানিয়ে দেবে। তবে ব্যবহারকারীদের পোস্টের ওপর ভিত্তি করে এই সারাংশ তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
ভিডিও এডিটিং ও এআই ফটো প্রিসেটে চমক
ফেসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা নিয়ে এসেছে নতুন ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হয়েছে ‘এআই ফটো প্রিসেট’ নামক একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে সচল করতে ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছিল মেটা।
এদিকে, ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ কিছু ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এজন্য তারা বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল, খেলোয়াড় এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে অংশীদারিত্ব চুক্তি করেছে। ফলে বিশ্বকাপের সময় ফেইসবুক ও ইনস্টাগ্রামে ফুটবল বিষয়ক বিশেষ ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: জিও নিউজ