

সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। তাতে ধবলধোলাইয়ের মুখে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। বিব্রতকর হার এড়াতে হলে আজ ২০০ রান করতে হবে বাংলাদেশকে।
তিন ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই লক্ষ্যই দিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে প্রথম ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। প্রতিপক্ষকে অবশ্য আরো কম রানে অলআউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দলীয় ১০৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে।
তবে সেটা হতে দেননি জিম্বাবুয়ের দুই হাফসেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্স। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের শুরু ধাক্কা সামলান মাধেভেরে। সতীর্থরা আসা-যাওয়া করলেও এক প্রান্ত আগলে রাখেন তিনি। চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দুই শ রানের ভিত গড়ে দেন তিনি।
ব্যক্তিগত ২৫ রানে কাইয়া আউট হওয়ার পর আবারও ধাক্কা খায় জিম্বাবুয়ে। এবার সপ্তম উইকেটে ইভান্সকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন মাধেভেরে। তবে ব্যক্তিগত ৭৫ রানে মাধেভেরে আউট হতেই ভেঙে যায় তাদের ৪৩ রানের জুটি। ৫ চার ও ১ ছক্কা হাঁকিয়ে সতীর্থ বিদায় নিলে পরে ইনিংস একাই টানেন ইভান্স। শেষ দিকে ৫ চার ২ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ রান করে জিম্বাবুয়েকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন ইভান্স। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল। ২ টি করে উইকেট নেন তাসকিনি-তানভির ইসলাম।
এর আগে এই হারারেতেই প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২৫ রানের বিপরীতে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হারে বাংলাদেশ। এ ছাড়া একমাত্র টেস্টে ৮৫ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।