

কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতেই নিজের নাম দেখে কান্নায় ভেঙে পড়েন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে উঠেছিল তার। চোটে পড়ার পর বারবার ফুটবল মাঠে ফিরলেও ব্রাজিলের স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে দোলাচল ছিল।
বিশ্বকাপের জন্য নির্ধারিত ব্রাজিল জাতীয় দলের বিমানে সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়েছেন নেইমার। যেখানে দুই শব্দের ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাই মিলে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, সোমবার (০১ জুন) রাতে (স্থানীয় সময়) নিউজার্সির উদ্দেশে সান্তোস স্ট্রাইকারকে নিয়ে উড়াল দিয়েছে দেশটির বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা।
নেইমারের ইনস্টাগ্রামে দেওয়া বিশ্বকাপ স্কোয়াডের ছবিটি তুলেছেন বিমানের ভেতর। পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও তাতে যুক্ত করে দিয়েছেন এই ফরোয়ার্ড।
একই ছবি দিয়ে ব্রাজিলের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও প্রায় হুবহু ক্যাপশন দিয়েছেন, ‘চলো সবাই মিলে।’
এর আগে রোববার রাতে বিশ্বকাপের আগে নিজেদের ভূমিতে বিদায়ী ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৬-২ গোলে উড়িয়ে দেয় পানামাকে।