

বিশ্বকাপে উরুগুয়ে ও সৌদি আরব ম্যাচে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। ম্যাচ পরিচালনায় থাকা রেফারিরা প্রচলিত কালো, হলুদ বা নীল জার্সির বদলে মাঠে নামেন গোলাপি রঙের বিশেষ জার্সি পরে। বিষয়টি ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মায়ামি শহরকে সম্মান জানাতেই এই বিশেষ ‘ফ্লেমিঙ্গো পিঙ্ক’ জার্সি তৈরি করা হয়েছে। ম্যাচের প্রধান রেফারি মাউরিসিও মারিয়ানি এবং তার সহকারীরা এই জার্সি পরে দায়িত্ব পালন করেন।
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কলিনা বলেন, ‘মায়ামি আমাদের বেস ক্যাম্প। প্রায় দুই মাস আমরা এখানে থাকব। তাই শহরটির প্রতি সম্মান জানাতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
ফিফার ভাষ্য অনুযায়ী, মায়ামির বিখ্যাত গোলাপি সূর্যাস্ত, ফ্লেমিঙ্গো পাখি এবং সাউথ বিচের ঐতিহ্যবাহী গোলাপি রঙের আর্ট ডেকো ভবন থেকেই জার্সিটির অনুপ্রেরণা এসেছে।
বিশ্বকাপ চলাকালে রেফারিদের প্রশিক্ষণ পোশাকও একই রঙে তৈরি করা হয়েছে। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরা (ভিএআর), যারা ডালাসে অবস্থান করছেন, তারা এই বিশেষ পোশাক ব্যবহার করছেন না।
এদিকে চলতি বিশ্বকাপে গোলাপি রং যেন নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের পায়েও দেখা যাচ্ছে গোলাপি বুট। ফিফার এই নতুন উদ্যোগ সেই আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।