

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে এখনই আলোচনা করার সময় আসেনি বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। সাইপ্রাসে অনুষ্ঠিত ইইউ নেতাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।
শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
আন্তোনিও কস্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা শিথিলের মতো কোনো পদক্ষেপ নিয়ে আলোচনা করা খুবই আগাম হবে।
একই ধরনের মন্তব্য করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।
তবে বৈঠক শেষে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানান, যদি ইরানকে ঘিরে একটি সমন্বিত চুক্তি হয়, তাহলে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত ইইউ নেতারা।
বর্তমান প্রেক্ষাপটে ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চললেও নিষেধাজ্ঞা শিথিল নিয়ে এখনো সতর্ক অবস্থানেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।