

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরানের কয়েক হাজার বাড়িঘরের পুনর্গঠন ও মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছে ইরানের দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা সংস্থা।
সোমবার (১৩ জুলাই) দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, সামান্য বা মাঝারি মাত্রায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ হাজার আবাসিক ইউনিটের মধ্যে ৯৫ শতাংশেরও বেশি বাড়ির মেরামতের কাজ শেষ হয়েছে।
এছাড়া সম্পূর্ণ ভেঙে নতুন করে নির্মাণের প্রয়োজন এমন ২ হাজার ১৩৫টি আবাসিক ইউনিটের প্রায় দুই-তৃতীয়াংশের কাজেও অগ্রগতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রায় ২০০টি পরিবার বর্তমানে হোটেলে অবস্থান করছে। অন্যদিকে নতুন বাসস্থানের ব্যবস্থা করতে প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে আবাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ আবাসিক স্থাপনা, যেগুলোর কিছু অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সাধারণ মানুষের জীবিকা নির্বাহের স্থান ছিল।
সূত্র : আলজাজিরা