

ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগে নিখোঁজ হওয়া লেবাননের প্রেসিডেন্সিয়াল গার্ড সদস্য প্যাট্রিক বাকারিয়ানের মরদেহ লেবাননের কাছে হস্তান্তর করেছে। এত দিন বাকারিয়ানকে গ্রেপ্তার বা তার মরদেহের ব্যাপারে কোনো তথ্যই দেইনি ইসরায়েলি বাহিনী। অবশেষে তাদের কাছেই ভুক্তভোগী সেনার মরদেহ মিলল।
লেবাননের সংবাদপত্রগুলোর বরাতে আলজাজিরা জানায়, বুধবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে মরদেহটি লেবাননের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ এপ্রিল ইসরায়েলি বাহিনীর হামলায় নিজের গাড়ির ভেতরে লক্ষ্যবস্তু হওয়ার পর থেকে প্যাট্রিক বাকারিয়ান নিখোঁজ ছিলেন।
এদিকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার ফোনালাপে এ বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, ওরা সেখানে আপনাদের চায় না। সেনা সরিয়ে নেওয়া উচিত। একই বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।
জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।
এই ফোনালাপের একদিন আগে তুরস্কে ন্যাটো সম্মেলনের ফাঁকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইসরায়েল যে এলাকাগুলো দখলে নিয়েছে, সেখান থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনাও ছিল। তবে ওয়াশিংটনের ধারণা, এ বিষয়ে নেতানিয়াহু ছাড় দিতে রাজি নন।