

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসেতে বিশ্বকাপ একটি ফ্যান জোনে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গুলির ঘটনা ঘটেছে সান পেদ্রো স্কয়ারে, যা সান ফ্রান্সিসকো বে এরিয়ার কয়েকটি জনপ্রিয় স্থানের মধ্যে একটি। বিশ্বকাপের ম্যাচগুলো বড় পর্দায় উপভোগ করতে এখানে নিয়মিত বিপুলসংখ্যক দর্শক জড়ো হয়ে ‘ওয়াচ পার্টিতে’ অংশ নিতেন। খবর রয়টার্সের।
এ পর্যন্ত বে এরিয়ায় বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ম্যাচটি ছিল গত বুধবার যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার নকআউট পর্বের লড়াই।
তবে গুলির সময় সেখানে বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার হচ্ছিল না। সেদিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টার দিকেই শেষ হয়েছিল।
সান হোসে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। অন্য আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এ কারণে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও একাধিক পুলিশ যান মোতায়েন ছিল। পাশাপাশি সাদা চাদরে আংশিক ঢেকে রাখা এক ব্যক্তিকে স্ট্রেচারে করে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই এলাকার অধিকাংশ বারও বন্ধ করে দেওয়া হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তাকর্মী জানান, আহত ব্যক্তিকে তিনি যন্ত্রণায় কাতরাতে দেখেছেন। তিনি বলেন, ‘লোকটি তখনও কাতরাচ্ছিল। তার ঘাড় ও পিঠের ওপরের অংশে রক্ত দেখা যাচ্ছিল। পুলিশ নিরাপত্তাকর্মী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিল।’
উল্লেখ্য, সান ফ্রান্সিসকো বে এলাকাজুড়ে বিশ্বকাপ উপলক্ষে কয়েক ডজন ফ্যান জোন স্থাপন করা হয়েছে।